দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানব ইতিহাসের প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ রাশিয়ান হাউসে শুক্রবার ‘ইউরি গ্যাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় অতিথিদের স্বাগত জানান এবং ১৯৬১ সালের ১২ এপ্রিল ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশযাত্রার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ঘটনা মানবসভ্যতাকে মহাকাশ যুগে প্রবেশ করায় এবং নতুন জ্ঞান ও গবেষণার দ্বার উন্মোচন করে।
তিনি আরও বলেন, গ্যাগারিনের উত্তরাধিকার আজও তরুণদের বিজ্ঞান, কৌতূহল ও অনুসন্ধিৎসায় অনুপ্রাণিত করছে। একই সঙ্গে তিনি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সহযোগিতার কথা উল্লেখ করেন। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছয় হাজারের বেশি বাংলাদেশি গ্র্যাজুয়েটের অবদানের বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী হয়ে নতুন দিগন্ত অন্বেষণের আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ান হাউসের মাধ্যমে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যোতির্বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসব এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল ও উদ্ভাবনী চিন্তা বিকাশে ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে ‘ইউরি গ্যাগারিন – মহাকাশে প্রথম মানব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এবং বিজ্ঞানীদের ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একই দিনে গ্যাগারিনকে নিয়ে প্রামাণ্যচিত্র এবং অ্যানিমেটেড সিরিজ প্রদর্শিত হয়। এছাড়া আলবার্ট আইনস্টাইন বিষয়ক একটি বিজ্ঞান সেমিনার এবং শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, এই আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শনী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমএস/